করোনা ডায়রিজ
স্কুল কলেজে যখন পড়তাম পেপারে, নাটকে বা সিনেমায় ভার্সিটির ছেলেমেয়েদের বিবরণ দেখে ভাবতাম, কখন ভার্সিটিতে উঠবো আর এরকম একটা জীবন পাবো।
ইনট্রোভার্টদের মনের ভিতরের পৃথিবীটা অনেক সুন্দর। কাল্পনিকভাবে আমরা অনেক অনেক কিছু কল্পনা করি।
আমার কাছে ছোটবেলায় ভার্সিটি বলতে অটোমেটিক একটা সিস্টেম বোঝাতো, যেখানে ঢোকামাত্র আমি ক্রিয়েটিভ হয়ে যাবো, একটা অস্থির ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে অটোমেটিকলি, ক্লাব এক্টিভিটিস করে ফাটিয়ে ফেলবো ইত্যাদি। কিন্তু জিনিসটা যে আপনাআপনি গড়ে উঠবে না, সেটা জানতাম না।
কাজেই ফার্স্ট ইয়ার থেকেই বিশাল ধাক্কা খেতে আরম্ভ করলাম। কোন কিছুই কোন কিছুর সাথে মিলেনা। যাদের সাথে চলতাম বা ভালো সম্পর্ক ছিল তাদের সাথে চয়েস মিলতো না। দেখা গেল কোন ক্লাব কাজ করার জন্য ডাক দিয়েছে, আমার খুব আগ্রহ যেতে, কিন্তু সাথে যাওয়ার পরিচিত কাউকে পেতাম না। শুরুর দিকে সাহস করে একা একা চলে যেতাম। কিন্তু একজন ইনট্রোভার্টের জন্য একদম নতুন জায়গায় খাপ খাওয়ানো সবসময়ই কঠিন ছিল। দেখা যেত সবাই কথাবার্তা বলছে, আমি বোকার মত কি বলবো বুঝতে না পেরে খুবই অপ্রস্তুত থাকতাম। মাঝে মধ্যে কেউ বলত, কি ব্যাপার মন খারাপ নাকি? তখন আরো বিপদে পড়তাম। পরেরবার ক্লাব থেকে আবার ডাক দিলে যাওয়ার আগে আগেরবারের অস্বস্তির কথা ভেবে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতাম। পরবর্তীতে ক্লাব একটিভিটিতে তেমন যুক্ত হতে পারিনি।
কিন্তু তবুও সবসময়ই মনের ভিতর খচখচ করতো, কি যেনো নেই ভার্সিটি লাইফে একটা, এটা সবসময় মনে হতো। তাই যখন দেখতাম কয়েকজন ব্যাচমেট একসাথে কোথাও যাচ্ছে, মজা করছে, শাড়ি পাঞ্জাবি ডে তে ছবি তুলছে, ফেস্টে আনন্দ করছে, খারাপ লাগতো। আবার যেতামও না, কারণ জানি আমি এদের ভিতর ফিট হতে পারবোনা ঠিকভাবে। (আমি জানি এসবের ভিতরে অনেক কিছুই লোক দেখানো। তবুও আনন্দ লোকদেখানোই বা কম কি)।
এভাবে দেখতে দেখতে ভার্সিটি জীবন হুট করেই শেষ হয়ে গেলো। আমি দেখলাম, আমার ইচ্ছে আর শখের খাতাগুলো শূণ্য পড়ে আছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ানোর একটা সুযোগ পাওয়ার পর আমার সেসব শখ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। আমি ওদের সাথে মজা করি, কারো সাথে মুভি নিয়ে আলাপ করি, কারো আঁকাআঁকি দেখি আবার কারো সাথে এমনি গল্প করি। করোনার এই সময়ে ঢাকায় আটকে পড়া আমার খোঁজ অনেক শিক্ষার্থী নিয়েছে, তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ। বিশ্ববিদ্যালয়ের না পাওয়া ব্যাপারগুলোর অনেককিছুই এদের মাধ্যমে পূরণ করতে পেরেছি।
করোনার এই দুর্ভোগের সময়টা কবে কেটে যাবে এই চিন্তা করতে করতে আর এদের সাথে খুনসুটি করতে করতে জীবন চলে যাচ্ছে। সবাই ভালো থাকুক।
Comments