আমার আপন বলয়
মশারি জিনিসটা আমার খুব বিরক্ত লাগতো আগে। এখনও যে খুব ভালো লাগে তা নয়। বুয়েটের হলে থাকাকালীন শেষ দিকের কথা। ডেংগু বেড়েছে। শুরুর দিকে পাত্তা দিতাম না। এরপর পাশের রুমের একজনের হইলো। তখন ভয় পেয়ে গেলাম। আর মশারি টানানো শুরু করলাম। আমাদের বাসায় ম্যাজিক মশারি নামের এক ধরণের মশারি ব্যবহার করা হয়। পাতলা কাপড়ের তৈরি, ভিতরে বাতাস ঢোকে। ভালই লাগে। হল ছাড়ার পর যখন বাসায় উঠলাম তখন চিকুনগুনিয়া অতিরিক্ত হারে বেড়ে গেলো। সবাই কথা বলছে এটা নিয়ে। বাসা থেকে বলে মশারি টানাও। নতুন বাসা, মশারি টানানোর ব্যবস্থা করতে আলসেমি লাগতো। না টানিয়ে ঘুমাতাম। তখনকার অভিজ্ঞতার কথা বলি। রাত বাড়লেই ভয়ে ভয়ে থাকতাম এই বুঝি মশা কামড়ালো। একটা কামড় খেলেই এই বুঝি জ্বর হলো। সারারাত ফুল স্পিডে ফ্যান চালিয়ে রক্ষা হতো না। তখন ভাবলাম অনেক হয়েছে, ব্যবস্থা করতে হবে। এরপর মশারির ব্যবস্থা করলাম। প্রথম যখন ঢুকলাম ভিতরে এক অদ্ভুত অনুভূতি। এক ধরনের নিরাপত্তাবোধ। আমি জানতাম আমাকে মশা কামড়াবে না, আমার বারেবারে জেগে উঠতে হবেনা। আমি সবকিছু থেকে মুক্ত, আমি নিরাপদ। ছোটবেলায় আমি আর আমার ছোটবোন গুহা বানাতাম। দুইটা ছাতা জড়ো করে এর উপর চাদ...