আমার আপন বলয়

মশারি জিনিসটা আমার খুব বিরক্ত লাগতো আগে। এখনও যে খুব ভালো লাগে তা নয়।
বুয়েটের হলে থাকাকালীন শেষ দিকের কথা। ডেংগু বেড়েছে। শুরুর দিকে পাত্তা দিতাম না। এরপর পাশের রুমের একজনের হইলো। তখন ভয় পেয়ে গেলাম। আর মশারি টানানো শুরু করলাম।
আমাদের বাসায় ম্যাজিক মশারি নামের এক ধরণের মশারি ব্যবহার করা হয়। পাতলা কাপড়ের তৈরি, ভিতরে বাতাস ঢোকে। ভালই লাগে।
হল ছাড়ার পর যখন বাসায় উঠলাম তখন চিকুনগুনিয়া অতিরিক্ত হারে বেড়ে গেলো। সবাই কথা বলছে এটা নিয়ে। বাসা থেকে বলে মশারি টানাও। নতুন বাসা, মশারি টানানোর ব্যবস্থা করতে আলসেমি লাগতো। না টানিয়ে ঘুমাতাম।
তখনকার অভিজ্ঞতার কথা বলি। রাত বাড়লেই ভয়ে ভয়ে থাকতাম এই বুঝি মশা কামড়ালো। একটা কামড় খেলেই এই বুঝি জ্বর হলো। সারারাত ফুল স্পিডে ফ্যান চালিয়ে রক্ষা হতো না। তখন ভাবলাম অনেক হয়েছে, ব্যবস্থা করতে হবে।
এরপর মশারির ব্যবস্থা করলাম। প্রথম যখন ঢুকলাম ভিতরে এক অদ্ভুত অনুভূতি।  এক ধরনের নিরাপত্তাবোধ। আমি জানতাম আমাকে মশা কামড়াবে না, আমার বারেবারে জেগে উঠতে হবেনা। আমি সবকিছু থেকে মুক্ত, আমি নিরাপদ।
ছোটবেলায় আমি আর আমার ছোটবোন গুহা বানাতাম। দুইটা ছাতা জড়ো করে এর উপর চাদর বা কাথা দিয়ে। একরকম এডভেঞ্চার এর মত। হয়তো চিপস, বিস্কুট নিয়ে বলতাম আমরা গুহায় থাকতে যাচ্ছি। খাটের উপর কেবলমাত্র ছাতির নিচে, ঐ থাকাটাকেই লাগত বিশেষ কিছু, কিছু সময়ের জন্য মনে হতো কত নিরাপদ।
প্রাচীন মানুষেরা গুহায় থাকতো, নিরাপদ ভাবতো নিজেদের। সেই জীনের ছোঁয়া কি আমাদের ভিতরে থেকে গেছে? আমরা কি চাই নিজেদের নিরাপদ বলয়ে রাখতে।
এখনো মাঝে মাঝে আমি আপন গুহা বানাই। ছোটবেলার সাথে পার্থক্য, ছাতা জড়ো না, একদম অদৃশ্য এ গুহা। সব চিন্তা, ভাবনা, রাগ, অভিমান থেকে আলাদা হয়ে আমার আপন গুহায় চলে যাই।
যেখানে আমি আমার মত কাদি, আমার মত হাসি, আমার মত বলে উঠি, আহারে! 

Comments

Popular posts from this blog

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশের প্রেক্ষিতে রিভিউ

পার্সপেক্টিভ এর গুরুত্ব

গান গানা গানা গানা