আমার নানাবাড়ি :পর্ব এক

এক.

প্রত্যেকের শৈশবে কিছু না কিছু রঙিন স্মৃতি থাকে, কোন জায়গা জড়িত থাকে। আমার তেমনি একটা স্বপ্নপুরী ছিলো, আমার নানাবাড়ি।
আমার জন্ম আর বেড়ে ওঠা বরিশালে। ছোট বেলা থেকে আমরা থাকতাম নূরিয়া কিন্ডারগার্টেন এর পাশের একটা গলিতে। বছরের শেষে যখনই স্কুল ছুটি হতো, আম্মু আমাদের তিন ভাইবোনকে নিয়ে চলে যেতো আমার নানাবাড়ি, গোরস্থান রোড ধোপাবাড়ির মোড়, হোসেন মঞ্জিল।
নানাবাসায় যাওয়ার প্রস্তুতিটা ছিলো উৎসবের মতো একটা ব্যাপার। আমাদের বড় একটা সবুজ ব্যাগ আছে, নিচে চাকাযুক্ত। সেটাতে আমাদের রাজ্যের জিনিসপত্র ভরা হতো। এরপর ছিলো রিকশা ডাকার পালা। সেটাও মজার এক ব্যাপার। আমাদের তিন ভাইবোনের ভিতর আপু বড়, এরপরে আমি আর সবার ছোট রিতু। এই চারজন এক রিকশায় চড়ে বসতাম আর সাথে থাকতো ব্যাগ। রিকশাআলার প্রায় ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হতো। এরপরে গেটের কাছে পৌঁছে আমাদের কোন একজনের কাজ হতো ভিতরে ঢুকে মেজো খালা বা তার ছেলেদের ডেকে আনা। মেজো খালা সবসময়েই আমাদের রিকশায় এমন ঠাসাঠাসি অবস্থা দেখে হেসে গড়াগড়ি খেতো।
আমরা একটু বড় হয়ে যাবার পর আর চারজনকে এক রিকশায় আঁটানো গেলোনা। কিন্তু আম্মু তো আমাদের একা ছাড়তে নারাজ। পরে এর একটা সমাধান পাওয়া গেলো। আমি আর আপু এক রিকশায় উঠতাম, আম্মু আর রিতু আলাদা রিকশায়। আমাদের রিকশা যেতো সামনে, আর তার ঠিক পিছনে পিছনে আম্মুদের রিকশা। দুই রিকশাআলাকে বলা থাকতো আস্তে চালাতে, আর সবসময় কাছাকাছি থাকতে। এরপরও আম্মু কিছু প্রটেকশন স্টেপ শিখিয়ে দিয়েছিল,যেমন রিকশাআলা উল্টাপাল্টা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাঁচাও বলে চিৎকার দিয়ে রিকশা দিয়ে নেমে পড়ে দৌড়। কখনো এমনটা করা লাগেনি অবশ্য।
নানাবাসায় ঢোকার রাস্তা ছিল দুই দিক দিয়ে। প্রথমটা বটতলা করিম কুটির হয়ে আর দ্বিতীয়টা আমতলা হয়ে। প্রথমটা দিয়েই আমরা বেশি যেতাম। করিমকুটির হয়ে সামনে ডানে গেলে পড়তো গোরস্থান, এরপর ধোপাবাড়ি মোড় এরপর পড়ত মোফাজ্জেলের দোকান, বড়খালার বাসা হয়ে সোজা নানার বাসা। ছোট থাকতে এ অল্প পথকেই অনেক মনে হতো। রিকশা যখন ধীরে ধীরে বাসার গেটে এসে থামতো তখন নানাবাসার সবুজ রংয়ের দোতালা চোখে পড়তো। আর এক রকম উত্তেজনা কাজ করতো, এইতো পৌছে গেলাম কয়দিনের জন্য!

Comments

Popular posts from this blog

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশের প্রেক্ষিতে রিভিউ

পার্সপেক্টিভ এর গুরুত্ব

গান গানা গানা গানা